নিজস্ব প্রতিনিধি ওসমানীনগর উপজেলার আওতাধীন তাজপুর ইউনিয়নের তাজপুর স্কুল রোড এলাকায় ড্রেন নির্মাণ কাজ চলাকালীন সময়ে মাটির নিচে থাকা প্রায় ৮০০ ফুট টিএন্ডটি ক্যাবল সরানোর ঘটনাকে কেন্দ্র করে জনমনে চরম ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেন নির্মাণের কাজ চলাকালীন কিছু ব্যক্তি টিএন্ডটি’র ক্যাবল সরানোর সময় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ওসমানীনগর থানার এস আই মোঃ শফিক আহমাদ ঘটনাস্থলে গিয়ে ক্যাবল জব্দ করেন। তবে ঘটনার প্রায় ২৪ গন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ সরানোর মতো একটি গুরুতর ঘটনায় প্রশাসনের নীরবতা রহস্যজনক। এ বিষয়ে টিএন্ডটি’র দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ওয়াছকুরুনীর কাছে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলেও তিনি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ স্থানীয়দের।এছাড়াও স্থানীয় জনগণ জানান, ওয়াছকুরুনীর কাছে তার ঊর্ধ্বতন কর্মকর্তার মোবাইল নাম্বার চাওয়া হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে জনমনে আরও সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।ঘটনার বিষয়ে জানতে চাইলে ওয়াছকুরুনী জানান, “ক্যাবল নষ্ট হয়ে গেছে।” কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন— যদি সরকারি ক্যাবল নষ্টও হয়ে থাকে, তাহলে সেই সরকারি মালামাল সাধারণ মানুষ কীভাবে নিয়ে যেতে পারে? এটি কি বেআইনি নয়?তাজপুরবাসীর দাবি, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসাথে তারা জানতে চান, কারও “ছত্রছায়া” বা “সেল্টার” পেয়েই কি এই কাজ করা হয়েছে কিনা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনগণ প্রশাসনের দ্রুত ও স্বচ্ছ হস্তক্ষেপ কামনা করছেন।