প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
ওসমানীনগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১
মোঃ রাজন আহমদ , নির্বাহী সম্পাদক ||
মোঃ রাজন আহমদ
নির্বাহী সম্পাদকসিলেটের ওসমানীনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় জিরার একটি বড় চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হলেও চোরাচালান সিন্ডিকেটের মূল হোতাদের নাম মামলায় না আসায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওসমানীনগর থানার এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে একটি দল গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আমদানি করা ৬০৩ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়।জব্দকৃত জিরার পরিমাণ প্রায় ১৮ হাজার ৯০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।অভিযানের সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. আবুল কালাম আজাদ (৪৪) নামে একজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তাঁর পলাতক ভাই আব্দুল মুমিনসহ একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় জিরা দেশে এনে বাজারজাত করে আসছিল।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আবুল কালাম, তাঁর ভাই আব্দুল মুমিন এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।তবে স্থানীয়দের অভিযোগ, চোরাচালান সিন্ডিকেটের নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিদের নাম পুলিশ জানলেও রহস্যজনক কারণে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি। বিশেষ করে জৈন্তাপুর উপজেলার মোহন মিয়া নামের এক ব্যক্তির নাম আলোচনায় এলেও মামলায় তাঁর নাম নেই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহন মিয়া চোরাচালানের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি বর্তমানে বালুর ব্যবসার সঙ্গে যুক্ত।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরর্শেদুল আলম ভূঁইয়া জানান, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন