প্রিন্ট এর তারিখ : ১৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
রিকাবীবাজারে চলন্ত সিএনজিতে ছিনতাই, জনতার সহায়তায় দুই ছিনতাইকারী আটক
মোঃ আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি ||
মোঃ আব্দুল হান্ননবিশ্বনাথ উপজেলা প্রতিনিধ
সিলেট নগরীর ব্যস্ততম রিকাবীবাজার পুলিশ ফাঁড়ি এলাকায় চলন্ত সিএনজিতে এক যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা ও টহল পুলিশের যৌথ অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে, যদিও তাদের সহযোগী আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে।জানা যায়, গত ২৮ এপ্রিল বিকেল আনুমানিক সময়ে বিশ্বনাথ উপজেলার শেখেরগাও গ্রামের বাসিন্দা কারি আলাউদ্দিনের পুত্র তাজুল ইসলাম ব্যক্তিগত কাজে সিলেট নগরীর মধু শহীদ ল্যাবএইড থেকে বন্দরবাজারের উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় (রেজি নং: সিলেট-থ-১২-১৮৫২) যাত্রা শুরু করেন। পথিমধ্যে সিএনজিতে আগে থেকেই অবস্থানরত চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের যাত্রী পরিচয় দিয়ে তার সঙ্গে একই গাড়িতে অবস্থান করে।সিএনজিটি রিকাবীবাজার পুলিশ ফাঁড়ি এলাকায় পৌঁছামাত্রই ওই চার ব্যক্তি সংঘবদ্ধভাবে তাজুল ইসলামের ওপর চড়াও হয়। তারা জোরপূর্বক তার পকেটে থাকা নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। আকস্মিক এ ঘটনায় হতভম্ব হয়ে পড়লেও তাজুল ইসলাম সাহসিকতার সঙ্গে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে জড়ো হন।স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী চক্রের চার সদস্যের মধ্যে দুইজন দ্রুত পালিয়ে যায়। তবে বাকি দুইজনকে জনতা ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরে খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।আটককৃতদের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার মতিন মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া, যিনি বর্তমানে সিলেট নগরীর আখালিয়া বড়বাড়ী এলাকায় হানিফ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অপরজন আক্তার হোসেন (৩৫), পিতা আব্দুন নূর, স্থায়ী ঠিকানা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঝিগলী গ্রাম। বর্তমানে তিনি সিলেটের জালালাবাদ থানাধীন ভাইয়ারপাড়া, বাদেআলী এলাকায় আবেদ আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।পরে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত দুইজনকে থানায় নিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় সিএনজিতে যাত্রী সেজে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে একা যাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ চক্র এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক দুই ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তারা আরও জানান, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
এদিকে, সচেতন মহল মনে করছেন— যাত্রীদের আরও সতর্ক হওয়া এবং সন্দেহজনক পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা জরুরি, যাতে এ ধরনের ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়।
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত আলোর সন্ধানে প্রতিদিন